দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরের আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকার পারুল আক্তারের বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাজিব আহম্মেদ ওরফে রুবেল নগরের আরকে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। তিনি সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করতেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিজ কক্ষে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। ঘটনার আগে বাসার সামনের সড়কে থাকা তার চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় বলেও জানিয়েছে পরিবার।
ঘটনার পর ওই বাসার মালিক পারুল আক্তারসহ বাসার অন্য ভাড়াটিয়াদের কাউকে পাওয়া যায়নি।
নিহতের বোন রুনা আক্তার অভিযোগ করেন, ‘খবর পেয়ে এখানে এসেছি। এই বাসার লোকজনই আমার ভাইকে হত্যা করেছে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, ‘আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। ইতোমধ্যে মো. রনি ও স্বজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএম/